মঙ্গলবার, ১৭ই নভেম্বর,
২০২৬

  • সারাদেশ

  • ৮৫ লাখ টাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার, আটক ১


    সোনারদেশ ২৪ ডেস্ক


    মঙ্গলবার, ১৭ই নভেম্বর,

    ২০২৬

    /

    18 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৩০ কেজি ওজনের তিনটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা নিদর্শনগুলোর আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা। এ ঘটনায় মোমিন ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।


    সোমবার (১৬ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।


    বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জসংলগ্ন পীরগঞ্জ-ঘোড়াঘাট সীমান্ত এলাকার ছত্রা বাজারের পাশে জনবিচ্ছিন্ন একটি টিনের ঘরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন থাকার তথ্য পায় বিজিবি। পরে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে ৩০ সদস্যের একটি দল এবং ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। বিজিবির অভিযানে অংশ নেয়া সদস্যদের মধ্যে দুজন নারী সৈনিকও ছিলেন।


    অভিযানে একটি বেলেপাথরের শিলাখণ্ডের অংশ, একটি কষ্টিপাথরের ছোট খণ্ডাংশ এবং একটি শিবলিঙ্গের খণ্ডাংশ উদ্ধার করা হয়। উদ্ধার করা নিদর্শনগুলোর মধ্যে বেলেপাথরের খণ্ডাংশের ওজন ৯০ কেজি, কষ্টিপাথরের খণ্ডাংশের ওজন ২০ কেজি এবং শিবলিঙ্গের খণ্ডাংশের ওজন ২০ কেজি। সব মিলিয়ে নিদর্শনগুলোর ওজন ১৩০ কেজি। এগুলোর আনুমানিক জব্দমূল্য ৮৫ লাখ টাকা।


    আটক মোমিন ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মৃত আব্দুর রইস উদ্দিনের ছেলে। মেডিকেল সনদ সংগ্রহের পর তাকে পীরগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


    এ দিকে উদ্ধার করা নিদর্শনগুলোর প্রত্নতাত্ত্বিক সত্যতা যাচাইয়ের জন্য নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।


    লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী আরও জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চোরাচালান, মাদক, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে বিজিবি।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd