রবিবার, ২২শে নভেম্বর,
২০২৬

  • সারাদেশ

  • সিরাজগঞ্জ কারাগারে ধারণক্ষমতার প্রায় পাঁচগুণ বন্দী,তীব্র আবাসন সংকট


    সোনারদেশ ২৪ ডেস্ক


    রবিবার, ২২শে নভেম্বর,

    ২০২৬

    /

    18 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    সিরাজগঞ্জ জেলা কারাগারে ধারণক্ষমতার প্রায় পাঁচগুণ বন্দী রয়েছেন। ৩৫২ জনের ধারণক্ষমতার কারাগারটিতে বর্তমানে বন্দীর সংখ্যা ১ হাজার ৬১৭। অতিরিক্ত বন্দীর চাপে আবাসন সংকট তৈরি হয়েছে। রাতে ওয়ার্ডে জায়গা সংকুলান করতে হিমশিম খেতে হচ্ছে বন্দীদের। তবে খাবার, চিকিৎসা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিতের চেষ্টা করছে কারা কর্তৃপক্ষ।

    কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে কারাগারে থাকা ১ হাজার ৬১৭ জন বন্দীর মধ্যে পুরুষ ১ হাজার ৫৪৯ জন এবং নারী ৬৮ জন। তাদের মধ্যে সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন। বাকিরা বিচারাধীন মামলার আসামি বা হাজতি।

    কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দী থাকলেও তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা যথাসম্ভব নিশ্চিত করা হচ্ছে। সপ্তাহে দুই দিন ছুটি ছাড়া প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন নতুন আসামি কারাগারে আসেন। একই সময়ে আদালতের নির্দেশনা ও নিয়ম অনুযায়ী অনেক বন্দী মুক্তি পান। বন্দীদের নিরাপত্তার পাশাপাশি সংশোধন ও পুনর্বাসনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. সাইদুল ইসলাম বলেন, গতকাল কারাগারে ১ হাজার ৬০৪ জন বন্দী ছিলেন। অথচ এর ধারণক্ষমতা মাত্র ৩৫২ জন। বন্দীর সংখ্যা দেড় হাজার ছাড়ালেও এখন পর্যন্ত বড় ধরনের সমস্যা হচ্ছে না।

    কারাগারের কয়েকজন সদস্য জানান, দিনের বেলায় বন্দীরা ওয়ার্ডের বাইরে চলাফেরা করতে পারেন। তবে বিকালের পর তাদের নির্ধারিত ওয়ার্ডে ফিরতে হয়। অতিরিক্ত বন্দীর কারণে রাতে ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। গরমের সময় এ সমস্যা আরও তীব্র হয়।

    কারাগার সূত্রে জানা যায়, ১৯১৮ সালে যমুনা নদীর তীরে সিরাজগঞ্জে উপকারাগার প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সালে সিরাজগঞ্জ জেলা ঘোষণার পর ১৯৯৪ সালে এটি জেলা কারাগারে উন্নীত হয়। ওই বছরের ১৭ নভেম্বর শহরের কান্দাপাড়া এলাকায় ৬ দশমিক ৫০ একর জমিতে কারাগারের কার্যক্রম শুরু হয়। এর মধ্যে মূল কারাগার প্রায় চার একর জায়গাজুড়ে অবস্থিত।

    জানা গেছে, বন্দীর ধারণক্ষমতা বাড়াতে ২০০০ সালে আরও চার একর জমি কেনা হয়। সব মিলিয়ে কারাগারের মোট জমির পরিমাণ দাঁড়ায় ১০ দশমিক ৫০ একর। তবে জমি কেনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কারাগার সম্প্রসারণে দৃশ্যমান অগ্রগতি নেই। এতে বন্দীর সংখ্যা বাড়ার সঙ্গে আবাসন সংকটও বাড়ছে। সম্প্রসারণ কার্যক্রম কবে বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd