বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি,
২০২৬

  • খেলাধুলা

  • লিটন-রিশাদের আলোয় উজ্জ্বল ধূমকেতুর জয়


    সোনারদেশ ২৪ ডেস্ক


    বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি,

    ২০২৬

    /

    1 বার পড়া হয়েছে


    a

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    শক্তিতে, সামর্থ্য, অভিজ্ঞতায়, পারফরম্যান্সে ধূমকেতু একাদশের ধারের কাছেও নেই দুরন্ত একাদশ। আকাশ-পাতাল পার্থক্য। ধূমকেতু জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো। দুরন্ত উদীয়মান ক্রিকেটারদের ছড়াছড়ি। ২২ গজে সেই ছাপ পড়ল প্রবলভাবে। 


    অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ প্রতিযোগিতায় প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে ধূমকেতু একাদশ। আকবর আলীর দুরন্ত একাদশকে হারাতে কোনো বেগই পেতে হয়নি তাদের। আগে ব্যাটিংয়ে নেমে দুরন্ত একাদশ ১৪৩ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে ১৬.১ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে ধূমকেতু একাদশ। 


    টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর স্থবির হয়ে পড়া ক্রিকেটে প্রাণ ফেরাতে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি। দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে তিনটি দলে বিভক্ত করে শুরু হয়েছে অদম‌্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। উদ্বোধনী ম‌্যাচে ব‌্যাট-বলে তেমন উত্তাপ ছড়ায়নি। তবে আয়োজনে কমতি রাখেনি বিসিবি। 


    ম‌্যাচ শুরুর আগে জনপ্রিয় ব্র‌্যান্ড দল ওয়ারফেজ ঘণ্টখানেক পারফর্ম করেন। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা বিনামূল‌্যে গ্যালারিতে প্রবেশ করতে পেরেছেন। এছাড়া টিকিট কেটেও খেলা দেখতে এসেছেন অনেকে। বিপিএলের পরপরই আরেকটি ঘরোয়া টি-টোয়েন্টি আয়োজন। দর্শক কেমন হবে তা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ‌্যালারিতে প্রায় ৫ হাজার দর্শকের উপস্থিত ছিলেন।


    ম‌্যাচে আলো ছড়িয়েছেন সাইফ হাসান ও লিটন দাস। ব‌্যাট হাতে দুজনই পেয়েছেন ফিফটির স্বাদ। ৩০ বলে ৪ চার ও ৩ ছক্কায় সাইফ ৫০ রান করে আউট হন। লিটন ৬৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৪৩ বলে ১০ চারে সাজানো ছিল তার দ্যুতিময় ইনিংস। ম‌্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতে।


    দ্বিতীয় উইকেটে এই দুজন জয়ের ভিত গড়ে দেন ধূমকেতু একাদশকে। ৭৮ রানের জুটি গড়েন। ওপেনিংয়ে তানজিদ ৮ বলে ১৭ রান করে রিপন মন্ডলের বলে আউট হন। জয়ের কাছাকাছি গিয়ে দ্রুত রান তোলার তাড়ায় পারভেজ (৬) ও তাওহীদ (২) আউট হন। তারপরও জয় পেতে কোনো সমস‌্যাই হয়নি হটফেভারিট দলকে।


    এর আগে রিশাদের দ্যুতিময় বোলিংয়ে দুরন্ত একাদশকে উড়তে দেয়নি ধূমকেতু। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন বিগ ব‌্যাশ খেলে আসা রিশাদ। এছাড়া ২টি করে উইকেট নেন শরিফুল ও তানজিম হাসান সাকিব।


    ব‌্যাটিংয়ে দুরন্ত একাদশের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন মাহফিজুল ইসলাম রবিন। ৩৬ বলে ৬ বাউন্ডারিতে এই রান করেন তিনি। এছাড়া আকবর ১৮, আজিজুল ১৬ এবং মেহরব ও গাফফার ১৫ রানের দুটি ইনিংস খেলে লড়াকু পুঁজি পায় দুরন্ত। কিন্তু ধূমকেতুর ব্যাটিংয়ের সামনে এই পুঁজি বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি।


    এই ম্যাচে প্রথমবারের মতো বাংলাদেশের ক্রিকেটে ইমপ‌্যাক্ট খেলোয়াড়ের রীতি চালু হয়। দুরন্ত একাদশের হয়ে ব্যাটিংয়ে ছিলেন আবরার হোসেন ও বোলিংয়ে নাহিদ রানা। ধূমকেতু একাদশের হয়ে ব্যাটিংয়ে ছিলেন পারভেজ হোসেন। বোলিংয়ে ছিলেন মোস্তাফিজুর রহমান। 


    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd