তুরস্কের পূর্বাঞ্চলীয় মালটিয়া প্রদেশে আজ শনিবার (১৮ জুলাই) ভোরে ৫ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (আফাদ) এই তথ্য নিশ্চিত করেছে।
আফাদ-এর দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মালটিয়া প্রদেশের বাত্তালগাজি জেলায় এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৫ দশমিক ৫৯ কিলোমিটার (৯.৬৯ মাইল)। ভূমিকম্পের তীব্র কাঁপুনি এলাজিগ, আদিয়ামান, তুনজেলি এবং সানলিউরফাসহ আশপাশের বেশ কয়েকটি প্রদেশেও অনুভূত হয়। তবে স্বস্তির বিষয় হলো, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, বাত্তালগাজিতে ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়নি। তবে মাঠ পর্যায় থেকে আসা সব তথ্য ও প্রতিবেদন গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।