
২০২৬
4 বার পড়া হয়েছে
নিরাপত্তাজনিত কারণে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশের পাশে থাকার বিষয়টি আবারও স্পষ্ট করল পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, বাংলাদেশের সমর্থনেই ভারত-ম্যাচ বর্জনের সিদ্ধান্তে অনড় রয়েছে পাকিস্তান ক্রিকেট দল।
সম্প্রতি পাকিস্তান সরকারের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া ঘোষণার পর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন,
“সব দিক বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে আছি আমরা। আমার মতে, এটাই সেরা সিদ্ধান্ত।”
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তবে ১ ফেব্রুয়ারি ঘোষিত সিদ্ধান্ত থেকে একচুলও সরে আসবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
দীর্ঘ ১৩ বছর ধরে রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তানের কোনো দ্বিপক্ষীয় সিরিজ হয়নি। এমনকি পাকিস্তান আয়োজক হলেও ভারতের অংশগ্রহণে টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছে ‘হাইব্রিড মডেলে’। ২০২৩ এশিয়া কাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি তারই উদাহরণ।
শাহবাজ শরিফ আরও বলেন,
“খেলার মাঠে রাজনীতি টেনে আনা উচিত নয়। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমরা খেলব না—আমাদের অবস্থান পরিষ্কার।”
এদিকে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছে আইসিসি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভারত-পাকিস্তান ম্যাচের বাজারমূল্য প্রায় ৫০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার কোটি টাকারও বেশি।