
২০২৬
18 বার পড়া হয়েছে
নেত্রকোনায় মাদরাসা শিক্ষকের সঙ্গে এক নারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সমালোচনা হওয়ার পর ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছমঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে দুই মিনিট ১০ সেকেন্ডের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে কালো বোরকা ও নেকাব পরা এক নারী চেয়ারে বসে আছেন। ওই শিক্ষক কক্ষের দরজা-জানালা দিয়ে বাইরে নজর রাখেন এবং ওই নারীকে একাধিকবার স্পর্শ করেন।
প্রতিবারই নারী তাকে বাধা দেন। কিছুক্ষণ পর ওই নারী কক্ষ থেকে বেরিয়ে যান।
এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন বলেন, ‘প্রতিষ্ঠানের একটি কক্ষে সিসিটিভি ক্যামেরায় ওই ঘটনা ধরা পড়েছে। ঘটনাটি গত ২০ আগস্টের বলে নিশ্চিত হয়েছি। ওই শিক্ষক নন-এমপিও (সরকারি বেতনবহির্ভূত) হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি জানার পরপর আমরা তাকে বরখাস্ত করেছি এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি। ঘটনাটি বিস্তারিত তদন্তে কমিটি গঠন করা হয়েছে।’ওই নারীর পরিচয়ের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, নারীটি কে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পুলিশের নজরে এসেছে। এ নিয়ে তদন্ত চলছে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা দুঃখজনক ও কাম্য নয়। অভিযুক্ত শিক্ষককে অবশ্যই আইনের আওতায় আনা দরকার। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।