
২০২৬
4 বার পড়া হয়েছে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। আগামী ৩১ জুলাই, শুক্রবার বাংলাদেশ টেলিভিশনে রাত ৮টার বাংলা সংবাদের পর এটি প্রচারিত হবে।
এবারের অনুষ্ঠানে থাকছে লক্ষ্মীপুরের ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পুরাকীর্তি, অনন্য পর্যটন এবং প্রত্যন্ত অঞ্চলের অজানা সব গৌরবগাঁথা বিষয়। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
গত (১৮ জুলাই শনিবার) সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইত্যাদি ধারণ করা হয়। এনিয়ে জেলাজুড়ে উৎসবের আবহ ছিল। দর্শকদের আমন্ত্রণপত্র নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি দর্শক উপস্থিত হওয়ায় আশপাশের বহুতল ভবনের ছাদ, প্রাচীর, রাস্তায় অবস্থান করে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও দর্শকদের চোখে-মুখে বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল। তারা পুরো অনুষ্ঠান উপভোগ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের অনুষ্ঠানের একটি গানে কণ্ঠ মিলিয়েছেন লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা এবং ফেনীর কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গীতিকার কবির বকুলের কথা ও সুরে গানটি পরিচালনা করেছেন আকাশ মাহমুদ। জেলা পরিচিতিমূলক নৃত্যগীতও থাকছে এবার। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। তানজিনা রুমা ও রাজিবের কণ্ঠে গীত ও সুরের মূর্ছনায়, এস কে জাহিদের মনোমুগ্ধকর কোরিওগ্রাফিতে মঞ্চ মাতিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।
দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান লক্ষ্মীপুরকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। ২য় পর্বে নির্বাচিত দর্শকরা এই পর্বের অতিথি লক্ষ্মীপুরের সন্তান জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব দিলারা জামানের সঙ্গে অভিনয় করেন।
অনুষ্ঠানে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী লক্ষ্মীপুরের গর্ব নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার রয়েছে। এভারেস্ট জয়ের ঐতিহাসিক অভিযাত্রায় নিশাত মজুমদার ও আরেক এভারেস্ট বিজয়ী এম এ মুহিতের হাতে শোভা পাচ্ছিল ‘ইত্যাদি’ লেখা প্ল্যাকার্ড। পর্বতারোহণ ও ইত্যাদি নিয়ে তার অনুভূতির কথা জানিয়েছেন।