
২০২৬
24 বার পড়া হয়েছে
স্বাবলম্বী পরিবার গঠন ও পরিবারের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সিরাজগঞ্জের তাড়াশে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য এবং তথ্য সংগ্রহের বিভিন্ন দিক সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মূল প্রতিপাদ্য ‘স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’। এর অন্যতম স্লোগান ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। পরিবারের সামগ্রিক আর্থসামাজিক অবস্থা মূল্যায়ন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রমটি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. হাফিজুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের গুরুত্ব, তথ্যের সঠিকতা নিশ্চিত করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা বলেন, এ ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তথ্য সংগ্রহের ক্ষেত্রে দায়িত্বশীলতা, নিরপেক্ষতা এবং নির্ধারিত নিয়ম অনুসরণের ওপর গুরুত্ব দিতে হবে।
ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে পরিবারকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্যভান্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সংগৃহীত তথ্যের যথার্থতা কার্যক্রমের সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
প্রেস কনফারেন্সে গণমাধ্যমকর্মীদের কার্যক্রমের উদ্দেশ্য ও তথ্য সংগ্রহসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি এ উদ্যোগের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।