সোমবার, ৭ই সেপ্টেম্বর,
২০২৬

  • জাতীয়

  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে: ইসি সচিব


    সোনারদেশ ২৪ ডেস্ক


    সোমবার, ৭ই সেপ্টেম্বর,

    ২০২৬

    /

    23 বার পড়া হয়েছে


    a নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

    সোনারদেশ২৪: ডেস্কঃ


    ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    ইসি সচিব বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। চলতি সপ্তাহেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

    গত ২১ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। আসনটি শূন্য হওয়ার পর সেখানে উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

    এর আগে রোববার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রস্তুতি চলছে। নির্বাচনে আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটিংয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পূজা ও পরীক্ষা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।

    এ দিকে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

    তিনি বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে। পাঁচ ধাপে নাকি ছয় ধাপে নির্বাচন হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রতিটি উপজেলা ধরে নির্বাচন আয়োজন করা হবে।

    আখতার আহমেদ বলেন, একটি উপজেলার যতগুলো ইউনিয়ন রয়েছে, সেগুলো একই ধাপে নির্বাচন করা হবে। একটি উপজেলার কয়েকটি ইউনিয়ন এক ধাপে এবং বাকি ইউনিয়ন অন্য ধাপে নির্বাচন করলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে ভোট নেওয়া হবে।

    ইসি সচিব জানান, ইউপি নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলোর তফসিল ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশন নির্ধারণ করবে।

    সোমবার সকালে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড ইস্যুর বিষয়ে বৈঠক করেন ইসি সচিব। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, আসন্ন নির্বাচনে পোস্টার ব্যবহারের সুযোগ থাকবে না। এ ছাড়া বিধিমালায় আরও কিছু পরিবর্তন আনা হয়েছে।

    এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বরে ইউপি নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।




    সংবাদটি শেয়ার করুন


    সম্পাদক ও প্রকাশকঃ জিয়াউল হক
    নির্বাহী সম্পাদকঃ মোস্তাক আহম্মেদ নওশাদ


    যোগাযোগ- মুজিব সড়ক, কমিউনিটি হাসপাতাল ৫ তলা, সিরাজগঞ্জ
    ইমেইল- sonardesh24.corr@gmail.com
    মোবাইল : 01324 977 175, 01716-076444




    Copyright © 2026 - All right reserved by Sonar Desh 24 Ltd