
২০২৬
25 বার পড়া হয়েছে
বিলিবিলি বলছে, আন্তর্জাতিক ও চীনা প্ল্যাটফর্মে মূলত একই ধরনের কনটেন্ট থাকবে। ফলে বিদেশি নির্মাতারা বিলিবিলির বড় চীনা দর্শকগোষ্ঠীর কাছেও নিজেদের ভিডিও পৌঁছানোর সুযোগ পাবেন। একই সঙ্গে আন্তর্জাতিক দর্শকদের জন্যও নতুন কনটেন্টের দরজা খুলবে।
বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে বিলিবিলি ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির কাজ করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইংরেজি সংস্করণ শিগগিরই চালু করা হবে। এর ফলে চীনা ভাষা না জানা ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি আরও সহজলভ্য হবে। এরই মধ্যে বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্ত করতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানসহ গুরুত্বপূর্ণ বাজারে কর্মী নিয়োগও শুরু করেছে বিলিবিলি। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের জন্য পদ খোলা হয়েছে।
এদিকে শুধু দর্শক বাড়ানো নয়, আন্তর্জাতিক নির্মাতাদের জন্য আয়ের সুযোগও তৈরি করতে চায় বিলিবিলি। প্রতিষ্ঠানটি এমন একটি মার্কেটপ্লেস তৈরির পরিকল্পনা করছে, যেখানে কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের যোগাযোগ করিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে স্পনসরড কনটেন্ট ও অন্যান্য বাণিজ্যিক কাজের সুযোগ তৈরি হতে পারে।
বিলিবিলির মূল চীনা প্ল্যাটফর্মে ইতোমধ্যে বিপুলসংখ্যক ব্যবহারকারী রয়েছে। মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৭ কোটি ৬০ লাখ। আন্তর্জাতিকভাবে পরিচিত নির্মাতাদেরও প্ল্যাটফর্মে যুক্ত করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে জনপ্রিয় মার্কিন কনটেন্ট নির্মাতা মি.বিস্টের (MrBeast) মতো তারকারাও বিলিবিলির চীনা প্ল্যাটফর্মে পরিচিত।
তবে বিশ্বজুড়ে ভিডিও দেখার ক্ষেত্রে এখনো ইউটিউবের শক্ত অবস্থান রয়েছে। তাই বিলিবিলির জন্য আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেওয়া সহজ হবে না। বিশেষ করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন দেশে কনটেন্ট নিয়ন্ত্রণ, সেন্সরশিপ ও ব্যবহারকারীর তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ইতোমধ্যে টিকটকের অভিজ্ঞতা দেখিয়েছে, চীনা মালিকানাধীন প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে পশ্চিমা দেশগুলোতে বাড়তি নজরদারি ও নিয়ন্ত্রক কিরকম চাপের মুখে পড়তে হয়।
এ কারণে বিলিবিলির সামনে যেমন বিশাল বাজারের সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে বড় চ্যালেঞ্জও। তবে আন্তর্জাতিক নির্মাতাদের জন্য নতুন দর্শক, সহজ নিবন্ধন এবং আয়ের সুযোগ তৈরি করতে পারলে ইউটিউবের পাশাপাশি বিশ্ব ভিডিও প্ল্যাটফর্মের বাজারে বিলিবিলি হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ একটি নাম।